জাফলংয়ে বালু উত্তোলনের সময় চাপা পড়ে শ্রমিক নিহত
নদীর তীর থেকে বালু উত্তোলনের সময় মাটির বড় একটি অংশ ধসে নিচে চাপা পড়েন তিনি।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাড় ধসে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে উপজেলার জাফলং চা-বাগান সংলগ্ন পিয়াইন নদীর পাড়ে এ ঘটনা ঘটে বলে গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান জানান।
নিহত বাচ্চু মিয়া (৫০) উপজেলার নয়াবস্তি গ্রামের প্রয়াত হাবিব মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল শ্রমিক নদীর তীর থেকে বালু উত্তোলনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাটির একটি বড় অংশ ধসে পড়ে শ্রমিকদের ওপর। অন্য শ্রমিকরা দ্রুত সরে যেতে পারলেও বাচ্চু মিয়া চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
