হাতিয়ায় অবৈধভাবে মজুদ ১৬০০ লিটার ডিজেল জব্দ, যুবক কারাগারে
আটক যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়েছে পুলিশ।
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি দোকানে অবৈধভাবে মজুদ করা এক হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে যৌথবাহিনী। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়।
বুধবার বিকালে আটক যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে হাতিয়া ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল কাদের আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
হাতিয়া থানার ওসি কবির হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে আসামিকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হবে।
গ্রেপ্তার মো. মফিজ উদ্দিন ফারুক (৩৫) উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের ইয়াহিয়া মাস্টারের ছেলে।
এদিন ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তমরদ্দি বাজারের উত্তর পাশে একটি মোটর পার্সের দোকানে অভিযান চালায় পুলিশ ও নৌবাহিনীর যৌথ দল। সেখানে আটটি ড্রামে মজুদ করা এক হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
খবর পেয়ে ফারুক ঘটনাস্থলে গিয়ে ডিজেলগুলো জাহাজে ব্যবহারের জন্য সেখানে রেখেছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। তবে অবৈধভাবে মজুদের অভিযোগে তাকে আটক করা হয়।
ওসি কবির হোসেন বলেন, ফারুকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। বিকালে তাকে হাতিয়া ম্যাজিষ্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়। জব্দ করা ডিজেল হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
