Published : 31 Jul 2025, 11:51 AM
ফরিদপুরের নগরকান্দায় যানজট নিরসনে চালানো অভিযানে এক ব্যবসায়ীকে সড়কে গ্যাস সিলিন্ডার রাখায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে ও ফুটপাত দখলমুক্ত রাখতে বুধবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন।
অভিযানকালে ফুটপাত ও সড়কের উপর অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে বাজারের ব্যবসায়ী জিলুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৭ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ইউএনও দবির উদ্দিন বলেন, “নগরকান্দা বাজারকে যানজটমুক্ত রাখতে প্রাথমিক পর্যায়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এবং অন্যদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
অভিযানে নগরকান্দা থানার ওসি আমিরুল ইসলাম, স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।