১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বান্দরবানের রিসোর্টে পর্যটকের ঝুলন্ত লাশ

“টয়লেটের দরজার ওপরের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করি।”

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 03:50 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

বান্দরবানের লামা উপজেলার পর্যটন কেন্দ্র মিরিঞ্জা ভ্যালির একটি রিসোর্ট থেকে গলায় ফাঁস দেওয়া এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ‘ডেঞ্জার হিল’ রিসোর্টের ১২ নম্বর কটেজ থেকে লাশটি উদ্ধারের খবর জানান লামা থানার ওসি তোফাজ্জল হোসেন।

নিহত আনোয়ার হোসেন (৪৭) ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা কালীগঞ্জ পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আবু তাহের ও আমেনা বেগমের ছেলে।

ডেঞ্জার হিল রিসোর্টের মালিক সাদ্দাম হোসেন বলেন, “আনোয়ার হোসেন ২১ জুলাই সকাল ১০ টার দিকে রিসোর্টে আসেন। সেখানে দুদিন ধরে অবস্থান করছিলেন। বুধবার সকালে রুমে নাস্তা পৌঁছে দিতে গেলে রিসোর্টের কর্মীরা দরজা বন্ধ পান।

“তারা পাশের একটি ফাঁকা জায়গা দিয়ে উঁকি দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি ম্যানেজারকে জানানো হয়। পরে থানায় খবর দেওয়া হয়।”

ওসি তোফাজ্জল হোসেন বলেন, “রিসোর্ট কর্তৃপক্ষ ফোন করে জানায় তাদের রিসোর্টে একজন পর্যটক আত্মহত্যা করেছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে কটেজের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। টয়লেটের দরজার ওপরের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করি।” 

তিনি বলেন, “নিহতের পকেট থেকে পাওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত করছে।”

মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি তোফাজ্জ্বল হোসেন।