১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুর্গন্ধ পেয়ে ফরিদপুর মেডিকেলের লিফটের নিচে মিলল অর্ধগলিত লাশ

লাশের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া গেছে হয়; সেটিতে দুটি সিম ছিল, বলেন ওসি।

দুর্গন্ধ পেয়ে ফরিদপুর মেডিকেলের লিফটের নিচে মিলল অর্ধগলিত লাশ
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2025, 10:17 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

দুর্গন্ধের সূত্র ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি লিফটের নিচ থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালটির মর্গে পাঠানো হয় বলে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান জানান।

তিনি বলেন, মৃত ব্যক্তিটির বয়স ৪০ থেকে ৪৫ বছর হবে। লাশটি মেডিকেল কলেজ হাসপাতালের ১০তলা ভবনের বি ব্লকের দুই নম্বর লিফটের নিচ থেকে উদ্ধার করা হয়। 

পুলিশ বলছে, বৃহস্পতিবার রাতে দেড়টার দিকে রোগীদের স্বজনদের মাধ্যমে দুর্গন্ধের কথা জেনে হাসপাতাল কর্তৃপক্ষ ফরিদপুর কোতোয়ালি থানায় খবর দেয়। 

রাতে পুলিশ ঘটনাস্থলে গেলেও লিফটের নিচ থেকে গন্ধের উৎস সন্ধানের চেষ্টা করতে পারেনি। 

পরে শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিচ্ছন্নতা কর্মীদের সাহায্যে ভবনের বেজমেন্টে লিফটের নিচের কেবিন থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। 

ওসি আসাদউজ্জামান বলেন, লাশের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া যায়। সেটিতে দুটি সিম পাওয়া গেছে। সিম পরীক্ষা করে মালিক হিসেবে রাজু নাম পাওয়া যায়। বাবা শহীদ শেখ, বাড়ি বোয়ালমারীর রামনগর। 

পরে ওই সিম ব্যবহার করে জামিরুল নামে এক ব্যক্তির সঙ্গে কথা হয়। 

জামিরুল জানান, তার চাচার নাম রাজু এবং গত দুই দিন ধরে তিনি নিখোঁজ। 

ওসি বলেন, লাশ উদ্ধারের কথা শুনে জামিরুলসহ রাজুর পরিবারের লোকজন ঘটনাস্থলে আসছেন।