পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
ফেইসবুকে প্রচার চালিয়ে ‘ঝটিকা মিছিল’ ও নাশকতার চেষ্টার অভিযোগে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার উসমান গনী (৩৫) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের প্রেসিডেন্টপাড়া এলাকার জয়নুদ্দিনের ছেলে।
আটোয়ারী থানার ওসি মো. মতিয়ার রহমান বলেন, শুক্রবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, আটোয়ারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা আগের একটি মামলায় উসমান গনীকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রচার চালিয়ে ‘ঝটিকা মিছিল’ এবং নাশকতার লক্ষ্যে গভীর রাতে গোপন বৈঠক করার অভিযোগে সম্প্রতি ঠাকুরগাঁও সদর থানায় পুলিশ বাদী হয়ে উসমান গণীর নাম দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা করে।
মামলায় বলা হয়, ৩১ অগাস্ট ভোররাতে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে সালন্দর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় গ্রামীণ চক্ষু হাসপাতালের সামনে এবং একই দিন রাত ৯টার দিকে ঠাকুরগাঁও শহরের আর্ট গ্যালারি সিঙ্গার শোরুমের সামনের সড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা গোপন বৈঠক ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার উদ্দেশে জড়ো হন। খবর পেয়ে পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যান।
এ ঘটনায় প্রথম মামলাটি করেন ঠাকুরগাঁও সদর থানার এসআই মো. সোলেমান গনি। সন্ত্রাসবিরোধী আইনে করা এ মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রয়েল বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন ওরফে রাব্বি, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক ও সহসভাপতি মো. খাইরুল ইসলামসহ ১৬ জনের নাম দেওয়া করা হয়। এতে অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়।
দ্বিতীয় মামলাটি করেন এসআই মনিরুজ্জামান। এ মামলায় ১৫ জনের নাম দিয়ে এবং অজ্ঞাত আরও ২০- ৩০ জনকে আসামি করা হয়েছে।
