১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এসএসসি: রাজশাহীতে কেউ পাস করেনি এমন স্কুল নেই

এবার ৭৭ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে; যা গত বছর ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 04:31 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে। 

এবার ৭৭ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে; যা গত বছর ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। গতবারের চেয়ে কমেছে ১১ দশমমিক ৬৩ শতাংশ।

এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন; যা গত বছর ছিল ২৮ হাজার ৭৪ জন। সেই হিসেবে কমেছে পাঁচ হাজার ৭৪৭ জন।  

বৃহস্পতিবার দুপুর ২টায় রাজশাহী শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলন করে এই ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান আ ন ম মোফাখখারুল ইসলাম। 

তিনি জানান, বরাবরের মতো এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। এবার মেয়েদের পাসের হার ৮২ দশমিক ০১ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৭৩ দশমিক ৬৪ শতাংশ। 

এ ছাড়া জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৬২ ছাত্রী। আর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩৬৫ জন ছাত্র। 

তিনি জানান, এবার শূন্য ফলাফল প্রাপ্ত কোনো স্কুল নেই। শতভাগ পাসের স্কুল কমেছে। ২ হাজার ৬৯০ স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ৯৯ স্কুল থেকে। যা গত বছর ছিল ২৬৬টি স্কুল। 

চেয়ারম্যান জানান, রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল এক লাখ ৮২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেন এক লাখ ৮০ হাজার ৩১০ জন। এর মধ্যে পাস করেছেন এক লাখ ৩৯ হাজার ৯৮৩ জন।

সারাদেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী, যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম।

স্কুলের গণ্ডি পেরোনো এই শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন জিপিএ-৫ পেয়েছে, যা পাস করা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৬৬ শতাংশ।

এই হিসাবে এবার পাসের হার কমেছে ১৪ দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪৩ হাজার ৯৭ জন।