১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে সাগরে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলে কয়েক শিক্ষার্থী সমুদ্রে গোসল করতে যায়। কিন্তু সাগরে নামার ৫ মিনিটের মধ্যেই দুজন ভেসে যায়।

কক্সবাজারে সাগরে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক স্কুল ছাত্রের মৃত্যুতে স্বজনদের আহাজারি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 04:41 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। 

বুধবার সকালে সমু্দ্র সৈকতের কবিতা চত্ত্বর পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সি সেইফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী মোহাম্মদ ওসমান। 

মারা যাওয়া রাইয়ান নূর আবু সামিম কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে।

সামিম কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন। 

লাইফ গার্ড কর্মী মোহাম্মদ ওসমান বলেন, সকালে সৈকতের ডায়াবেটিস পয়েন্টে শিক্ষার্থীদের একটি দল গোসলে নামে। সেখানে ভেসে যাওয়ার সময় পোনা আহরণকারী জেলেরা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে। একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।”

রাইয়ান নূর আবু সামিম। 

রাইয়ান নূর আবু সামিম।

ওসমান বলেন, “সি-সেইফ লাইফ গার্ডের কর্মীরা সার্বক্ষণিক কাজ করেন সৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে। তাই তাদের খবর পেতে দেরি হয়।”

রাইয়ান নূর আবু সামিমের লাশ রাখা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে৷ 

সেখানে তার সহপাঠী আব্দুল্লাহ বলেন, “সকালে বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলে তারা সমুদ্রে গোসল করতে যায়। কিন্তু গোসলে নামার ৫ মিনিটের মধ্যেই দুই বন্ধু সামিম ও আশরাফ ভেসে যায়। পরে আশরাফকে উদ্ধার করলেও সামিমকে উদ্ধারে বিলম্ব হয়।”

এর আগে গত সপ্তাহের মঙ্গলবার সৈকতের হিমছড়ি পয়েন্টে গোসলে নেমে ভেসে গিয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। এদের মধ্যে দুই জনের মরদেহ উদ্ধার হলেও, নয় দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি একজনের।