১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

পুলিশ জানায়, তাজরিন, জান্নাতুনসহ আটজন কিশোরী বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2025, 08:02 PM

Updated : 26 Aug 2026, 12:35 PM

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে বলে হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল জানান। 

নিহতরা হলো- ওই গ্রামের গ্রামের আব্দুল হাকিমের মেয়ে তাজরিন (১৩) ও একই গ্রামের জহুরুল ইসলামের মেয়ে জান্নাতুন (১০)। তাজরিন বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এবং জান্নাতুন কিসমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। 

ওসি জাকারিয়া বলেন, তাজরিন, জান্নাতুনসহ আটজন কিশোরী বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে তাজরিন ও জান্নাতুন পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। 

তিনি আরও বলেন, এ সময় সঙ্গে থাকা অন্য কিশোরীরা চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করে।

“এক পর্যায়ে পুকুরের পানিতে তাজরিন ও জান্নাতুনের লাশ ভেসে ওঠে। পরে পুকুর থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে স্বজনেরা। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের মাতম।” 

পরিবারের কোনো অভিযোগ নেই। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।