১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেহেরপুরের ৩ স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত সন্দেহজনক বস্তু, আতঙ্ক

ওসি হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 12:57 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

মেহেরপুর পৌর শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে উঁচু বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়েছে। এতে শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে।

শনিবার ভোরে প্রথমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।

এরপর শহরের কোর্ট মোড় এলাকা থেকে একইভাবে একই ধরনের আরেকটি বস্তু উদ্ধার করা হয়। পরে শহরের প্রাণকেন্দ্র সোনালী ব্যাংকের সামনেও একইভাবে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় আরও একটি বস্তু পাওয়া যায়। 

ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। তবে একই সকালে শহরের প্রাণকেন্দ্রে পুলিশ এবং বাজার সমিতির রাত্রিকালীন টহল টিমের চোখ ফাঁকি দিয়ে কিভাবে তিনটি স্থানে বোমাসদৃশ সন্দেহজনক বস্তু ঝুলিয়ে রাখা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসী।

কারণ প্রশিক্ষিত ব্যক্তি এবং নিরাপদ সময় ছাড়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সঙ্গে এসব বস্তু ঝুলিয়ে রাখা কোনোক্রমেই সম্ভব না বলছেন তারা। 

ওসি হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে। তবে এগুলো আসলে কী ধরনের বস্তু এবং এর সঙ্গে বিস্ফোরক কোনো উপাদান রয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।