১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামালপুর থেকে বস্তায়-বস্তায় ঘোড়ার মাংস আসছিল ঢাকায়

পিকআপে থাকা ১৮টি বস্তায় মোট ৯৫০ কেজি ঘোড়ার মাংস পাওয়া যায়।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 08:29 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

জামালপুর সদর উপজেলায় হাজার কেজি ঘোড়ার মাংসসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। 

রোববার ভোরে উপজেলার নরুন্দি চকবাজার থেকে তাদের আটক করা হয় বলে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হক জানান।

আটক ব্যক্তিরা হলেন- মো. জুয়েল ((২৮), শহীদ মিয়া (৪০), আফজাল মিয়া (৪০),  হুমায়ুন (৪৮) ও রাসেল মিয়া (৩৫)। তাদের বাড়ি জামালপুর, টাঙ্গাইল, শরীয়তপুর ও ঢাকায়। 

পুলিশ জানায়, নরুন্দির মিরাপুর ঘাট এলাকা থেকে একটি পিকআপে করে ঘোড়ার মাংস ঢাকার যাত্রাবাড়ীর উদ্দেশে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নরুন্দি চকবাজার এলাকায় পুলিশ পিকআপটি আটক করে। পরে পিকআপে থাকা ১৮টি বস্তায় মোট ৯৫০ কেজি ঘোড়ার মাংস পাওয়া যায়। এ সময় পিকআপে থাকা তিন যাত্রী, চালক ও চালকের সহকারীকে আটক করা হয়।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক বলেন, পরে জামালপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমন হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত তিন যাত্রীকে ছয় মাস এবং পিকআপের চালক ও চালকের সহকারীকে দুই মাস করে কারাদণ্ড দেয়। একই সঙ্গে তাদেরকে মোট এক লাখ এক হাজার টাকা জরিমানা করা হয়। 

নাজমুল হক বলেন, জব্দ করা ঘোড়ার মাংস বিচারকের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।