১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বলেছিলেন সকালে ডেকে দিতে, পরে দরজা ভেঙে উদ্ধার চিকিৎসকের লাশ

“তার শরীরে ধারালো ছুরির আঘাত রয়েছে এবং একটি অঙ্গ কেটে ফেলা হয়েছে।”

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 07:37 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

নাটোরে নিজ হাসপাতাল থেকে চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের সাবেক আহ্বায়ক আমিরুল ইসলামের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার মাদ্রাসা মোড় এলাকায় ‘জনসেবা হাসপাতালের’ তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নাটোরের পুলিশ সুপার মোহাম্মাদ আমজাদ হোসাইন জানিয়েছেন।  

নিহত আমিরুল ইসলমা সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকার হাসান আলীর ছেলে।

তিনি বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশান অব বাংলাদেশের সাবেক আহ্বায়ক এবং নাটোর জেলা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

নিহত চিকিৎসকের ছোট ভাইয়ের স্ত্রী চায়না বেগম বলেন, “রোববার রাত ১২টা পর্যন্ত আমিরুল ইসলাম হাসপাতালে রোগী দেখেন। এরপর ঘুমাতে যান।

“ঘুমাতে যাওয়ার আগে হাসপাতালের কর্মীদের সকাল ১০টার মধ্যে তাকে ডেকে দিতে বলেন। কিন্তু তাকে ওই সময় তাকে বার বার ডেকেও কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি।”

জনসেবা হাসপাতালের আবাসিক চিকিৎসক রুদ্র আসিফ বলেন, “বেলা ১১টার দিকে তার পরিবারের সদস্যরা রুমের দরজা ভেঙে বিছানায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে বেলা আড়াইটার দিকে পুলিশ হাসপাতালে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

“রাতেই কে বা কারা তার কক্ষে অবস্থান নিয়ে ছিল। পরে খুন করে দরজা আটক চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।”

নিহত আমিরুল আমিরুল ইসলামের বাবা হাসান বলেন, “আমারতো কোনো শত্রু নাই। কে আমার এত বড় শত্রু হলো? আমার ছেলেটাকে এভাবে মেরে রেখে গেল।” 

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “চিকিৎসক আমিরুলের শরীরে ধারালো ছুরির আঘাত রয়েছে এবং একটি অঙ্গ কেটে ফেলা হয়েছে।”

এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি।