Published : 28 Sep 2025, 08:44 PM
টাঙ্গাইলে তিতাস গ্যাসের সঞ্চালনের লাইনের মুল পাইপ ফেটে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার ১২ ঘণ্টা পার হলেও গ্যাস সরবরাহ সচল করতে পারেনি কর্তৃপক্ষ৷
এ ঘটনায় দুই উপজেলার প্রায় ১৪ হাজার গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চরম ভোগান্তি পড়েছেন তারা।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় গ্যাসের লাইন ফেটে আগুন ধরে গেলে সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
টাঙ্গাইলের তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, সদর ও মির্জাপুর উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাস লাইন মেরামতের কাজ করা হচ্ছে। তবে পুরোপুরি স্বাভাবিক করতে সময় লাগবে।
এদিকে গ্যাস পাইপের উপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ রয়েছে।
রোববার বিকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ চালু এবং বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছিল৷

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলেন, গ্যাসের লাইন ফেটে আগুন ধরে যাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন৷ এর পর থেকে গ্যাস সরবরাহ বন্ধ এবং পল্লী বিদ্যুতের লাইন বন্ধ রয়েছে৷
সকাল সাড়ে ৮টা থেকে টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলার প্রায় ১৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া ১৫ গ্যাস স্টেশন এবং মির্জাপুর শিল্প অঞ্চলের ৩৫টি প্রতিষ্ঠানেও গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে৷
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বলেন, গ্যাস পাইপের ওপর পল্লী বিদ্যুতের খুটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহক সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকে। এখন বিদ্যুৎ স্বাভাবিক রয়েছে।
গাজীপুরের চন্দ্রা তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী আব্দুল আলিম বলেন, “আমাদের সব টিম কাজ করছে। বিদ্যুতের পিলার সরানোর পর জমে থাকা পানি অপসারণ করতে হবে৷
“গ্যাসের পাইস লাইনের লোকেশন বের করতে হবে৷ বের করার পর বোঝা যাবে লাইন চালু হতে কতক্ষণ লাগবে।”
তিনি বলেন, “তবে আজকে চালু করা সম্ভব হবে না৷ বিকল্প পদ্ধতিতে টাঙ্গাইল শহরে গ্যাস সরকার চালু করার ব্যবস্থা করা হয়েছে৷ এছাড়া করটিয়া থেকে পুংলি ব্রিজ পর্যন্ত শাটডাউন দেওয়া হয়েছে।”