লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন
আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় দাফন করা হবে।
লক্ষ্মীপুরে দাফনের প্রায় ১৪ মাস পর এক কৃষক দল নেতার লাশ কবর থেকে তোলা হয়েছে। হত্যা মামলার তদন্তে আদালতের নির্দেশে এ লাশ তোলা হয়।
রোববার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার তেরবেকি এলাকার পারিবারিক কবরস্থান থেকে লাশটি তোলা হয় বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী হাকিম হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন।
নিহত শাহাদাত হোসেন জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি এবং লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার বাসিন্দা ছিলেন।
২০২৫ সালের ৭ মার্চ চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ মোস্তানগর এলাকায় তার মৃত্যু হয়। তখন ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে প্রচার করা হলেও পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়।
পরে নিহতের স্ত্রী শেফালি বেগম ওই বছর ৯ এপ্রিল চট্টগ্রামের হাকিম আদালতে অভিযোগ করেন।
নির্বাহী হাকিম নাহিদ শেখ সুমন বলেন, ময়নাতদন্ত ছাড়াই পরদিন মরদেহটি লক্ষ্মীপুরে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। আদালতের নির্দেশে এখন মরদেহ উত্তোলন করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় দাফন করা হবে।
নিহতের স্ত্রী শেফালি বেগম বলেন, তার স্বামী ওমান প্রবাসী ছিলেন। ঘটনার আট মাস আগে ছুটিতে দেশে আসেন। একই এলাকার মোহনের সঙ্গে তার বন্ধুত্ব ছিল।
তিনি দাবি করেন, ঘটনার দিন ১০ লাখ টাকা নিয়ে স্বামী মোহনকে সঙ্গে নিয়ে ভেকু মেশিন কেনার জন্য মোটরসাইকেলে চট্টগ্রামের মিরসরাইয়ের দিকে যান।
পরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর জানানো হলেও মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন ছিল বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, পরে বিষয়টি নিয়ে মামলা করতে গেলে থানা থেকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। আদালতে মামলা করার পর এটি হত্যা মামলা হিসেবে তদন্ত শুরু হয়।
লাশ উত্তোলনের সময় জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ছাড়াও সদর হাসপাতালের মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন।
