পাহাড়ে শান্তি রক্ষায় রাঙামাটিতে এপিবিএন ক্যাম্প
শহরের আসামবস্তি এলাকায় ক্যাম্প উদ্বোধন করেন ১৮ এপিবিএন অধিনায়ক ও পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল।
পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তি-সম্প্রতি বজায় রাখার লক্ষ্যে রাঙামাটিতে প্রথমবারের মত আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন ক্যাম্প স্থাপন করা হয়েছে।
শনিবার সকালে শহরের আসামবস্তি এলাকায় ক্যাম্প উদ্বোধন করেন ১৮ এপিবিএন অধিনায়ক ও পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল।
এ সময় এপিবিএন অধিনায়ক মাহফুজ আফজালকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাহফুজ আফজাল বলেন, “পার্বত্য চট্টগ্রামে বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন নেতিবাচক ভূমিকা রাখছে। মাঝে মধ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। এই প্রেক্ষাপটে সরকার ২০২৩ সালে এটির প্রশাসনিক অনুমোদন জারি করে এবং ২০২৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই ব্যাটালিয়ন কার্যক্রম শুরু করে।
“এই ক্যাম্প পার্বত্য এলাকার মানুষের জানমালের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়া এই অঞ্চলের মানুষের সঙ্গে পুলিশের যে দূরত্ব আছে সেটি ঘুচে যাবে। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের একটি সম্পর্ক তৈরি হবে।”
অনুষ্ঠানে ১৮ এপিবিএন সহঅধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার আফসার উদ্দিন খান, পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন, সঞ্জয় দে, সালাহউদ্দিন মিয়া, আনিসুর রহমান, দেবদুলাল ধর, আসামবস্তি পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. নুরুল্লাহ উপস্থিত ছিলেন।
