Published : 03 Dec 2024, 03:31 PM
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবৈধ বাঁধ অপসারণ করে সড়াবাড়ি বিলের দেড় কিলোমিটার দীর্ঘ ভুটির খাল দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। এতে সন্তোষ প্রকাশ করেছেন ওই বিল থেকে জীবিকা নির্বাহ করা মানুষ।
সোমবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার তারাইল ও বাঘিয়ারকুল গ্রামে খালের ২ মাথার বাঁধ অপসারণ করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।
একইসঙ্গে খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার অপরাধে মৎস্য ব্যবসায়ী আহাদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল।
সড়াবাড়ি গ্রামের কৃষক ভিপি বিশ্বাস বলেন, ২ বছর আগে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মৎস্য ব্যবসায়ী আহাদ আলী খালে বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করেন। এতে সড়াবাড়ি বিল ও ভুটির খালের মুক্ত জলাশয়ে শতাধিক মৎস্যজীবীর মাছ ধরা বন্ধ হয়ে যায়।
“এমনকি তিনি খালে নৌকা চলাচলও বন্ধ করে দেন। সেখানে কেউ মাছ ধরা, শাপলা ও ঘাস কাটতে যেতে পারতো না। কেউ গেলেই হুমকি ধামকি দেওয়া হতো। আমাদের ১০ কিলোমিটার ঘুরে পণ্য পরিবহন করতে হত।

“এতে শতাধিক পরিবারের জীবন-জীবিকা বন্ধ হয়ে গিয়েছেল। দুর্ভোগের শেষ ছিল না। এছাড়া উৎপাদিত কৃষি পণ্য, বিলের ঘাস এবং শাপলা নৌকায় করে খাল দিয়ে পরিবহন করতে পারত না বিলবাসী। ”
অতিষ্ঠ হয়ে এ বিষয়ে ৭ দিন আগে বিলবাসী টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করেন। পরে বাঁধ অপসারণের উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তারইল গ্রামের বাসিন্দা জিয়া শেখ, “খালের বাঁধ অপসারণ করা হয়েছে। এখন আমরা এখান থেকে মাছ ধরে, শাপলা তুলে ও ঘাস কেটে জীবিকা নির্বাহ করতে পারব। সহজেই সব পণ্য পরিবহন করতে পারব। ”
এজন্য ইউএনওকে ধন্যবাদ জানান এই বাসিন্দা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, এলাকাবাসীর মৌখিক অভিযোগের প্রেক্ষিতে সোমবার সকালে ভুটির খালের দেড় কিলোমিটার বাঁধ অপসারণ করা হয়েছে। জনস্বার্থে এমন কাজ অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।
এ বিষয়ে জানতে মাছ ব্যবসায়ী আহাদ আলীর মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।