১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে ঈদের পোশাক কিনতে গিয়ে দেয়াল ধসে নিহত স্কুলছাত্র

ফাহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2026, 06:00 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মায়ের সঙ্গে ঈদের পোশাক কিনতে গিয়ে নির্মাণাধীন দেওয়াল ভেঙে চাপা পড়ে এক স্কুলছাত্রের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।  

রোববার দুপুরে উপজেলা শহরের চৌরাস্তা এলাকায় ‘আল মনসুত ড্রাগ হাউসের’ নির্মাণাধীন দোকানের দেয়াল ধসে এ ঘটনা ঘটে বলে রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান।

নিহত ১৬ বছর বয়সী ফাহাদ হোসেন রামগঞ্জ পৌরসভার বাঁশঘর গ্রামের আহমদ আলী গাজী বাড়ির সৌদি প্রবাসী আলমগীর হোসেন বকুলের ছেলে এবং স্থানীয় নিচহরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ফাহাদ ও তার মা নাছিমা বেগমের সঙ্গে বাজারে ঈদের পোশাক কিনতে ও সেলাই মেশিন মেরামতের জন্য যায়। আল মনসুর ড্রাগ হাউসের পাশেই তারা সেলাই মেশিনটি মেরামত করে। 

সিসিটিভিতে দেখা যায়, ছেলেটি তার মায়ের সঙ্গে আল মনসুর ড্রাগ হাউসের সামনে দাঁড়িয়ে ছিল। এক পর্যায়ে ডান দিকে পা বাড়াতেই নির্মাণাধীন ড্রাগ হাউসের ছাদের পুরনো দেয়াল তার ওপর ধসে পড়ে।

এক পর্যায়ে স্থানীয়রা ফাহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক ফারাশিদ বিন এনাম বলেন, “দোকানটি নির্মাণে অনুমতি নেওয়া হয়নি। এটি ঢাকতে সামনে পুরনো দেওয়াল রেখে পেছনে দোকান নির্মাণ করছিল।

“পুরনো দেওয়ালটি ভেঙে পড়ে ফাহাদ নামে এক ছাত্র মারা গেছে। এছাড়া একজন গুরুতর আহত হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।” 

ওসি ফিরোজ বলেন, “ফাহাদ ও তার মা পথচারী ছিল। দেয়াল ধসে পড়ে ফাহাদ মারা গেছে। তার মাও আহত হয়েছেন। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।”

নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।