১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারি বৃষ্টিতে লামায় সব পর্যটন কেন্দ্র ফের বন্ধ

১ জুন ভারি বৃষ্টির কারণে প্রাণহানির ঝুঁকি এড়াতে লামা মিরিঞ্জা ভ্যালির সব পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছিল।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 09:56 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

ভারি বৃষ্টির কারণে বৈরী আবহাওয়ায় প্রাণহানির ঝুঁকি এড়াতে বান্দরবানের লামায় সব পর্যটন কেন্দ্র ফের বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন।

এর আগে ১ জুন ভারি বৃষ্টির কারণে প্রাণহানির ঝুঁকি এড়াতে লামা মিরিঞ্জা ভ্যালির সব পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খুলে দেওয়া হয়।

ইউএনও মঈন উদ্দীন বলেন, কয়েকদিনের টানা ভারি বর্ষণের ফলে পাহাড়ি ঢালুতে অবস্থিত রিসোর্টে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। প্রাণহানির আশঙ্কা রোধে মিরিঞ্জা ভ্যালিসহ লামার বিভিন্ন পর্যটন স্পটের ৭০ থেকে ৭৫টি রিসোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় রিসোর্ট খুলে দেওয়া হবে।

বান্দরবান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে ৭ জুলাই থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

শুক্র-শনিবার দুদিন বৃষ্টিপাতের আশঙ্কা কম হলেও রোববার থেকে পুনরায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।