Published : 23 Jun 2026, 05:19 PM
জয়পুরহাটের পাঁচবিবিতে পণ্যবাহী ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে জয়পুরহাট-হিলি সড়কের লাঙ্গলহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল হক জানিয়েছেন।
নিহত ৪২ বছর বয়সী রাশেদুল ইসলাম জনি পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, জনি বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে পাঁচবিবি বাসস্ট্যান্ড এলাকায় যান। সেখান থেকে পাঁচবিবি পৌর শহরের পাঁচমাথা মোড়ের দিকে যাওয়ার পথে তার মোটরসাইকেলের চাকা পিছলে তিনি রাস্তায় পড়ে যান।
এ সময় জয়পুরহাট থেকে হিলিগামী একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ট্রাক ও এর চালককে আটক করে পুলিশে দেয়।
পরিদর্শক ইমায়েদুল বলেন, লাশ উদ্ধার করে আপাতত থানায় রাখা হয়েছে। ট্রাক ও চালক পুলিশ হেফাজতে রয়েছে।
নিহতের পরিবার অভিযোগ বা মামলা দায়ের করলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।