Published : 05 Aug 2026, 08:03 PM
নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি-নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের আলোচনা চলার মধ্যেই নিজের অবস্থানের কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
রাজশাহী সদর আসনের এই সংসদ সদস্য বলেছেন, কোনো ঠিকাদারের কথায় নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় যাবে না।
বুধবার রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, “এখানে কয়েকজন চাকরি করেন, তাদের মধ্যে কেউ কেউ ফ্যাসিস্টদের দালাল। তারা বিষয়টি নিয়ে ষড়যন্ত্র করছেন। কিন্তু কে কী বলল, কোন কন্ট্রাক্টর কী বলল, তাতে কিছু আসে যায় না। কোনো কন্ট্রাক্টরের কথায় নেসকো কোথাও যাবে না। দিস ইজ রাজশাহী।”
তিনি বলেন, “রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে। কোনো কন্ট্রাক্টর কোথায় কী বলল, তাতে কিছু যায় আসে না। নেসকো কেন, রাজশাহীর কোনো প্রতিষ্ঠানই কোথাও যাবে না।”
নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের উদ্যোগের সঙ্গে জড়িতদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে মিনু বলেন, রাজশাহীর স্বার্থ রক্ষায় তিনি আপসহীন।
এ সময় তিনি ১৯৯২ সালে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান কার্যালয় চট্টগ্রামে স্থানান্তরের উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “রাজশাহীর সব প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে। রাজশাহী হবে ফার্স্ট। আমার কাছে মন্ত্রীত্ব, এমপি বা মেয়রের পদ বড় নয়। এই মাটিতেই আমার জন্ম, এই মাটিতেই আমার মৃত্যু হবে। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। তাই কোনো কন্ট্রাক্টর কোথায় কী বলল, তাতে কিছু আসে যায় না।”
অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
সম্প্রতি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও বগুড়ার সংসদ সদস্য মীর শাহে আলম এক অনুষ্ঠানে বলেন, “রাজশাহীবাসী সারাদিন চিৎকার করে। হোক না বগুড়ায় হেড অফিস, আপনারা জোনাল অফিস নেন।”
তার এ বক্তব্যের পর রাজশাহীতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এর আগে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মীর শাহে আলম বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে একটি ডিও লেটার দেন।