Published : 04 Jul 2026, 12:38 PM
চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় একটি পাখিভ্যানের চালকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সন্তোষপুর সড়কের দেহাটি শাহা ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জীবননগর থানার ওসি সোলায়মান শেখ।
নিহত রিপন হোসেন (৫০) উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রিজ পাড়ার মহিউদ্দিনের ছেলে।
ওসি সোলায়মান শেখ বলেন, শনিবার সকালে রিপন হোসেন নিজ বাড়ি থেকে পাখিভ্যান নিয়ে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। তিনি দেহাটি শাহা ইটভাটার সামনে পৌছুলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি আলমসাধু ভ্যানকে সজোরে ধাক্কা দেয়।
এতে পাখিভ্যান চালক রিপন হোসেন রাস্তার উপর ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তিনি মারা যায়।
ওসি আরও বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছেছি। লাশের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। তবে নিহতের স্বজনরা কোনো মামলা করতে আগ্রহী নন, তাই তাদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।