১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে মন্দিরের ২টি দানবাক্স ভেঙে লাখ টাকা চুরির অভিযোগ

বুধবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে দানবাক্সগুলো ভাঙা দেখতে পান পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 06:20 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

শরীয়তপুর শহরের একটি মন্দিরের দুটি দানবাক্স ভেঙে অর্থ চুরির অভিযোগ পাওয়া গেছে। দানবাক্সগুলোয় অন্তত একলাখ টাকা ছিল বলে দাবি মন্দির কর্তৃপক্ষের।

মঙ্গলবার মধ্যরাতে শহরের পালং বাজার এলাকায় শ্রী শ্যামসুন্দর জিও মন্দিরে এ ঘটনা ঘটে বলে জানান পালং মডেল থানার ওসি শাহ আলম। 

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র দেবনাথ।

অভিযোগের বরাতে পুলিশ জানায়, বুধবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে প্রথমে বাইরের দানবাক্সটি ভাঙা দেখতে পান পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী। এরপর তিনি ভেতরে প্রবেশ করলে দেখতে পান মন্দিরের গ্রিল কাটা ও ভেতরের দানবাক্সটিও ভেঙে টাকা চুরি হয়েছে। 

এছাড়া পাশের কালি মন্দিরের লোহার গ্রিলের তালাও ভাঙা দেখতে পান তিনি। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা এসে পুলিশকে খবর দেয়। 

শ্রী শ্যামসুন্দর জিও মন্দিরের সভাপতি মুকুল চন্দ্র রায় বলেন, রাতের আধারে মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। কয়েকদিন আগে মন্দিরের অনুষ্ঠান হয়েছে, ভক্তরা দুটি দানবাক্সে কমপক্ষে লাখ টাকা দক্ষিণা দিয়েছিলেন। 

তিনি আরও বলেন, “এর আগেও আমাদের মন্দিরে চুরি হয়েছে, বিষয়টি প্রশাসনকে জানালেও তারা কাউকে আটক করতে পারেনি। ফলশ্রুতিতে আবারও মন্দিরে চুরি হলো। আমরা চাই অতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”

পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”