যশোরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী ৩ কলেজ ছাত্র নিহত
তিন জন এক মোটরসাইকেলে যাচ্ছিলেন।
যশোর সদর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে যশোর-বেনাপোল সড়কে উপজেলার নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম জানান।
নিহতরা হলেন- সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) এবং একই গ্রামের আলমীগর হোসেনের ছেলে সালমান হোসেন (১৯)। তারা সবাই নতুনহাট কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
নিহত সালমান হোসেনের চাচা রনি হোসেন সাংবাদিকদের জানান, “ছুটির দিনে তিন বন্ধু এক মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। তারা ঝিকরগাছার গদখালিসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। রাত ৯টার দিকে ফেরার পথে নতুনহাট এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
“ট্রাকটি মোটরসাইকেলটিকে টেনে-হিঁচড়ে বেশ কিছুদূর নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।”
কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন, ট্রাকের চালককে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
