Published : 01 Apr 2026, 06:30 PM
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হল।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস এই তথ্য জানান।
তিনি বলেন, দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪ জন।
বর্তমানে হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১১৭ শিশু। তাদের মধ্যে ১২ জন আইসিইউতে ভর্তি। আইসিইউ সেবার জন্য অপেক্ষায় রয়েছে ৫৬ শিশু।
মুখপাত্র বলেন, মঙ্গলবার রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়। হাসপাতালে বড়দের জন্য আইসিইউ রয়েছে ২৮টি।
শংকর কুমার বলেন, রোগীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের বেশি। এ ছাড়া রাজশাহী, পাবনা ও নওগাঁ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী এসেছে। বিভাগের বাইরে কুষ্টিয়া ও রাজবাড়ী জেলা থেকেও রোগী ভর্তি হয়েছে। আক্রান্ত শিশুদের বেশিরভাগের বয়স দুই বছরের নিচে, যার মধ্যে অধিকাংশের বয়স ছয় মাস বা তারও কম।
মুখপাত্র বলেন, পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম নিরলসভাবে কাজ করছে। এরই মধ্যে ৪০ শয্যার হাম আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। পাশাপাশি শিশু ওয়ার্ডে আলাদা আইসোলেশন কর্নার তৈরি করে সন্দেহভাজন রোগীদের সেখানে ভর্তি করা হচ্ছে।
তিনি বলেন, রোগীর চাপ বাড়তে থাকলে পুরো একটি শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিটে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য সচিবের নির্দেশনায় রাজশাহীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আইসিইউতে থাকা হাম আক্রান্ত শিশুদের স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া হাসপাতালে আইসিইউতে হামে আক্রান্ত রোগীদের জন্য আরও সাতটি শয্যা বাড়ানোর কাজ চলছে।