বরিশালে কান্নার শব্দ পেয়ে শৌচাগার থেকে নবজাতক উদ্ধার
“ফজরের নামাজ পড়ার জন্য অজু করতে পুকুরে যাই। ফেরার পথে পুকুরের পাড়ে বাথরুম থেকে শিশুর কান্না শুনতে পাই।”
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কান্নার শব্দ পেয়ে পরিত্যক্ত শৌচাগার থেকে একদিন বয়সি এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার সাদেকপুর গ্রাম থেকে নবজাতকটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিরাজ আহমেদ।
মেহেন্দিগঞ্জ থানার ওসি ফকরুল ইসলাম বলেন, ওই গ্রামের বাসিন্দা মতিন হাওলাদার সকালে নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে শৌচাগার থেকে শিশুর কান্নার শব্দ পান। পরে তিনি সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ও সমাজসেবা কর্মকর্তা গিয়ে নবজাতককে হাসপাতালে ভর্তি করায়। শিশুটি সুস্থ আছে। সমাজসেবার তত্ত্বাবধানে নবজাতককে মতিনের জিম্মায় রাখা হয়েছে। ছেলে শিশুটির অভিভাবকের সন্ধান করছে পুলিশ।
মতিন হাওলাদার বলেন, “ফজরের নামাজ পড়ার জন্য অজু করতে পুকুরে যাই। অজু করে ফেরার পথে পুকুরের পাড়ে বাথরুম থেকে শিশুর কান্না শুনতে পাই। তখন ঘরে গিয়ে স্ত্রীসহ প্রতিবেশীদের ডেকে নিয়ে বাথরুমে যাই।
“সেখানে কাপড়ে প্যাঁচানো একটি নবজাতক দেখতে পাই। শিশুটির নাভিও কাটা হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ সংশ্লিষ্ট সকলকে জানিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করাই। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।”
তবে মতিন হাওলাদার তার বড় ছেলের জন্য শিশুটিকে দত্তক নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন।
সমাজসেবা কর্মকর্তা মিরাজ আহমেদ বলেন, “শিশুটি রোববার রাতে জন্ম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে বাথরুমে ফেলে দেওয়া হয়। মঙ্গলবার উপজেলা শিশু বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। শিশুটিকে কোথায় রাখা হবে সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।”
