ভোলায় তোফায়েল আহমেদের স্ত্রীর দাফন সম্পন্ন
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে আনোয়ারা আহমেদ শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের সহধর্মিনী আনোয়ারা আহমেদকে ভোলায় দাফন করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর ভোলার উপশহর বাংলাবাজারে তোফায়েল আহমেদ প্রতিষ্ঠিত ফাতেমা খানম জামে মসজিদের মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজা শেষে তোফায়েল আহমেদের বাড়ি সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তোফায়েল আহমেদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২১ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা আহমেদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর রাতেই লঞ্চে তার মরদেহ ঢাকা থেকে ভোলায় আনা হয়।
পরিবার জানায়, আনোয়ারা আহমেদ দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্বামী তোফায়েল আহমেদ, একমাত্র মেয়ে তাসলিমা আহমেদ, দুই ভাই, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আনোয়ারা আহমেদ ভোলা সদর উপজেলা ধনিয়া ইউনিয়নের তালুকদার বাড়ির মরহুম মফিজুল ইসলাম তালুকদারের বড় মেয়ে। ১৯৬৪ সালে তার সঙ্গে তোফায়েল আহমেদের বিয়ে হয়।
