Published : 20 May 2026, 07:11 PM
বগুড়ার শেরপুর উপজেলায় বৈদ্যুতিক সরঞ্জাম চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরেকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর ও আকরামপুর গ্রামের লোকজন মঙ্গলবার গভীর রাতে দুজনকে গণপিটুনি দেয় বলে শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান।
নিহত ফজলে রাব্বি (২৪) ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের বুলু মিয়ার ছেলে।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত জাহাঙ্গীর হোসেন (৩০) একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাত ২টার দিকে চন্ডেশ্বর এলাকার রমজান আলীর বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে দুইজনকে আটক করা হয়। পরে চন্ডেশ্বর ও আকরামপুর গ্রামের লোকজন একত্রিত হয়ে দুইজনকে গণপিটুনি দেয়। পরে তাদেকে গুরুতর অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শেষ রাতে একজন মারা যান।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ৬০ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে বলে শেরপুর থানার ওসি মঈনুদ্দীন জানান।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।