১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল মাইক্রোবাস, চালকের লাশ উদ্ধার

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 01:25 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ওষুধবাহী মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মাঝিপাড়া এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম খান জানিয়েছেন।

তিনি বলেন, “দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক মাসুদ রানা ঘটনাস্থলেই মারা যান। আহত একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

নিহত মাসুদ রানা ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশগাড়া এলাকার ফয়জার রহমানের ছেলে।

আহত মো. সানিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় পরিচয় জানা যায়নি। তিনি মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাঝিপাড়া এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে ঢাকাগামী ‘আলহামরা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ওষুধবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

অপরদিকে সংঘর্ষে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক মাসুদ রানা গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে ওসি সারোয়ার আলম খান জানিয়েছেন।