Published : 27 Jul 2026, 09:55 PM
ময়মনসিংহের গফরগাঁওয়ে পরকীয়ার জেরে মোবাইলে ডেকে নিয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার খবর এলাকায় ছড়ালে হামলাকারীদের বাড়িতে ভাঙচুর এবং আগুন দেয় একদল লোক।
সোমবার দুপুরে উপজেলার সুমপাড়া মড়লবাড়ি এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানান গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান।
এদিন বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যবসায়ী মারা যান বলে জানিয়েছে পুলিশ।
এর আগে রোববার রাতে সাড়ে ৯টার দিকে উপজেলার বাগবেড় গ্রামে নিজ ফিসারিতে তাকে কুপিয়ে আহত করা হয়।
নিহত মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেল (৪০) ওই গ্রামের মো. মোজাম্মেলের ছেলে। তিনি পেশায় ফিসারি ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুমপাড়া মড়লবাড়ি এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে তোফাজ্জল হোসেন মোবাইল ফোনে মোফাচ্ছেলকে তার ফিসারির পাড়ে যেতে বলেন। মোফাচ্ছেল সেখানে গেলে তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

খবর পেয়ে স্বজনরা মোফাচ্ছেলকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোফাচ্ছেল মারা যান।
মোফাচ্ছেলের মৃত্যুর খবর এলাকায় ছড়ালে একদল লোক তোফাজ্জলের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ পরিদর্শক মশিউর রহমান বলেন, “তোফাজ্জলের স্ত্রীর সঙ্গে তার ভগ্নিপতির পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে ভগ্নিপতিকে বাড়ি থেকে বের করে দেন তোফাজ্জল।
“তবে, ভগ্নিপতির সঙ্গে মোফাচ্ছেলের ব্যবসায়িক সম্পর্ক ছিল। যে কারণে তোফাজ্জল ক্ষোভে মোফাচ্ছেলকে হত্যা করেন।”
বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে জানিয়ে পুলিশ পরিদর্শক বলেন, এ ঘটনায় জড়িত তোফাজ্জলকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ছাড় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।