২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের গোলাগুলি, যুবক নিহত

নিহত যুবক নিজের নামেই বাহিনী গড়ে ক্যাম্পসহ আশপাশের এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি পুলিশের।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 09:40 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

শুক্রবার মধ্যরাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।

নিহত নুর কামাল (২৫) একই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে।

পুলিশের দাবি, নুর কামাল একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তিনি নিজের নামেই একটি বাহিনী গড়ে তুলে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

এডিআইজি কাউছার সিকদার বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুর কামালের সঙ্গে খালেক গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে মধ্যরাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ বাধে। সংঘর্ষে নুর কামাল গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।”

স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই জড়িতরা পালিয়ে যান।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এডিআইজি কাউছার সিকদার।

তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।