১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েটের সাবেক উপ-উপাচার্যসহ নয় শিক্ষক-কর্মকর্তা বরখাস্ত

সাময়িক বরখাস্তদের মধ্যে সাবেক উপ-উপাচার্য সোবহান মিয়া এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পিন্টু চন্দ্র শীল রয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2024, 08:28 PM

Updated : 26 Aug 2026, 11:01 AM

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্যসহ নয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

২১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হলেও বিষয়টি জানাজানি হয়েছে বৃহস্পতিবার।

সাময়িক বরখাস্তদের মধ্যে সাবেক উপ-উপাচার্য সোবহান মিয়া এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পিন্টু চন্দ্র শীল রয়েছেন। 

অন্যরা হলেন- উপ-রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রী, দেবাশিস মণ্ডল, সহকারী পরিচালক (জনসংযোগ ও তথ্য শাখা) মনোজ কুমার মজুমদার, সহকারী কম্পট্রোলার জি এম আবু সাঈদ, সহকারী প্রোগ্রামার মো. ওমর ফারুক, সহকারী টেকনিক্যাল অফিসার মো. মেহেদী হাসান রাজন ও অফিস সহায়ক সত্যজিৎ কুমার দত্ত।

কুয়েটের রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞা শুক্রবার বলেন, “শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ মোট নয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযোগ আনা হয়েছে।”

কুয়েটের সাবেক উপাচার্য মিহির রঞ্জন হালদার ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক শিবেন্দ্র শেখর শিকদার পদত্যাগ করার ইচ্ছে পোষণ করে আবেদনপত্র জমা দিয়েছেন। তবে বিষয়টি নিয়ে সিন্ডিকেটে কোনো আলোচনা হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে উপ-রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রী দোলন ও সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার বলেন, তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, এমন চিঠি তারা পেয়েছেন। 

তবে তারা বলেন, অভিযোগ তদন্ত করলেও তাদের কাছে কোনো ব্যাখ্যা চাওয়া হয়নি।

সাবেক উপ-উপাচার্য সোবহান মিয়া বলেন, “চিঠি পেয়েছি। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগের ওপর নির্ভর করে এটা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শেষ পর্যন্ত কী করছে সেটা দেখব, প্রয়োজনে আইনি প্রক্রিয়ায় যেতে হবে।”

সাবেক উপাচার্য অধ্যাপক মিহির রঞ্জন হালদারকে মোবাইলে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।

কুয়েটের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ বলেন, “যেসব কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল, সেগুলো তদন্ত করার পর সিন্ডিকেটের অনুমোদন নিয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে।”