১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়নাতদন্ত ছাড়া লাশ দাবি, ঘিওরে মহাসড়ক আটকে বিক্ষোভ

বিক্ষোভের ফলে মহাসড়কের দুই দিকে তিন কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 12:55 AM

Updated : 26 Aug 2026, 05:17 PM

ময়নাতদন্ত ছাড়াই লাশের দাবিতে মানিকগঞ্জে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে স্থানীয় কিছু মানুষ বিক্ষোভ করেছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত পুখুরিয়া এলাকায় তারা সড়ক আটকে রাখেন বলে জানান ঘিওর থানার ওসি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

স্থানীয়রা জানান, বিক্ষোভের ফলে মহাসড়কের দুপাশে প্রায় তিন কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

বিক্ষোভকারীরা বলেন, বড় বৈন্যা পুকুরিয়া গ্রামের তফসের আলীর স্ত্রী ছকিনা বেগম (৬৫) বাড়িতে রান্নার সময় কাপড়ে আগুন লেগে দগ্ধ হন। তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে ২২ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়। তার লাশ নিতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় থানার ‘পুলিশ ক্লিয়ারেন্স’ চায়।

স্বজনদের অভিযোগ, ঘিওর থানায় গেলে এক এসআই ক্লিয়ারেন্স পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তাদের জানান। কিন্তু ঢাকার শাহবাগ থানা থেকে লাশের ময়নাতদন্ত করা হবে বলে জানানো হয়।  এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন।

ওসি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “ছকিনা বেগম দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হন। ফলে এ বিষয়ে কারো কোনো অভিযোগ নেই। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট থানা সাধারণত ঘটনার ব্যাখ্যা চায়। আমরা বিষয়টি তদন্ত করে শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। ফলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।”

তিনি বলেন, “বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”