১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: মিনু

প্রতিটি পদে স্থানীয়ভাবে সমন্বয়ের মাধ্যমে একক প্রার্থীর নাম চূড়ান্ত করা বিএনপির দলীয় সিদ্ধান্ত বলে জানান ভূমিমন্ত্রী।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 09:12 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রতিটি পদে একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, “বিএনপি বড় দল। এ কারণে নির্বাচনে দলের একাধিক নেতা প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তবে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী স্থানীয়ভাবে বসে সমন্বয়ের মাধ্যমে একজন প্রার্থী চূড়ান্ত করা হবে।”

তিনি বলেন, “সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্য পদেও একজন করে প্রার্থী দেওয়া হবে। এটি আমাদের নেতার নির্দেশ।”

মঙ্গলবার রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

রাজশাহী মহানগর বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী। 

কেউ ‘মব’ সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা সুনিশ্চিত করা হবে। ভূমিদস্যুদের কাছ থেকে দখল হওয়া সব জমি উদ্ধার করে জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দেওয়া হবে। মাদক কারবারিদের পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। 

রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহীর সাবেক মেয়র ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ইশা।