১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরের ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে টাকা ছিনতাই

কমলকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।

মাদারীপুরের ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে টাকা ছিনতাই
আশপাশের লোকজন এগিয়ে এসে কমল বণিককে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2024, 12:26 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

মাদারীপুরের শিবচরে এক ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে সোয়া চার লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবচর থানার ওসি মো. মোক্তার হোসেন।

ভুক্তভোগী কমল বণিক (৫৬) পাঁচ্চর বাজারের মুদি দোকান বণিক ট্রেডার্সের মালিক ও ওই এলাকার অনিল বণিকের ছেলে।

ভুক্তভোগী ও পরিবারের বরাতে ওসি বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে সারাদিনের কেনাবেচার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন কমল। বাড়ির কাছাকাছি আসলে তিন-চার জন মুখোশধারী দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি হাতুড়িপেটা করে। 

পরে মাথায় গুরুতর আঘাত পেলে মাটিতে পড়ে যায় কমল। এ সময় তার সঙ্গে থাকা সোয়া চার লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। 

পরে কমলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কমলকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। 

ওসি মোক্তার আরও বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ”