Published : 15 Mar 2026, 12:19 AM
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক রাতে দুটি বাড়ির গোয়াল ঘর থেকে ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে।
শনিবার ভোরে উপজেলার বক্ষ্রগাছা ইউনিয়নের কয়রা ও এলাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে বলে রায়গঞ্জ থানার ওসি এস এম মাসুদ রানা জানান।
ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, “শুক্রবার রাতে গোয়াল ঘরে গরু রেখে সবাই ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি, গোয়ালের দরজা খোলা, তালা ভাঙা। ভিতরে গিয়ে দেখি গরু নেই।
“ভোর ৩টা থেকে ৪টার মধ্যে চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। চুরি যাওয়া ছয়টি গরুর মূল্য প্রায় আট লাখ টাকা।”
অপর ভুক্তভোগী আব্দুস সামাদ বলেন, রাতের কোন এক সময় গোয়াল ঘরের তালা ভেঙে চোরেরা চারটি গরু নিয়ে গেছে। সকালে ঘুম থেকে ওঠার পর বিষয়টি টের পান তিনি।
ওসি মাসুদ রানা বলেন, চোরের দল কয়রা গ্রামের শফিকুল ইসলামের বাড়ি থেকে ছয়টি এবং এলাঙ্গী গ্রামের আব্দুস সামাদের বাড়ি থেকে চারটি গরু চুরি করেছে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে চেষ্টা চলছে; এ ছাড়া ক্ষতিগ্রস্তদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।