Published : 09 Sep 2026, 01:22 PM
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৪ জন।
ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান জানান, গত ৭ সেপ্টেম্বর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেকেন্দার মল্লিক নামে এক ব্যক্তি মারা যান। ডেঙ্গু আক্রান্ত হয়ে আগের দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
মৃত ৫৫ বছর বয়সী মল্লিক সেকেন্দারের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়।
বুধবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৪৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে মৃত্যু হয়েছে চারজনের।
ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং দিনের বেলাতেও মশারি বা মশা প্রতিরোধী ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দেন তিনি।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। জ্বর হলে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা ও চিকিৎসা নিতে হবে।
এদিকে জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রচার চালানো হচ্ছে।
এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও পৌরসভা যৌথভাবে মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করেছে।