মাদারীপুরে কুমার নদ থেকে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার
লাশ উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
মাদারীপুরে কুমার নদ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর বস্তাবন্দি ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১টার দিকে সদর উপজেলার রাস্তি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
লাশ উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য নৌপুলিশ ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, সদর উপজেলার এলাকায় কুমার নদে বস্তাবন্দি একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত নারীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে মরদেহ পাঠিয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
