১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দিনাজপুরে শ্রমিক নেতার মুক্তি দাবিতে সড়ক অবরোধ, বাসে আগুন

দিনভর অবরোধের পর বিকাল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুরে শ্রমিক নেতার মুক্তি দাবিতে সড়ক অবরোধ, বাসে আগুন
দিনাজপুরে পরিবহন ধর্মঘটের সময় আগুনে পুড়ে যাওয়া একটি বাস।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 06:43 PM

Updated : 16 Sep 2026, 05:11 PM

দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতার মুক্তির দাবিতে কোতোয়ালি থানা ঘেরাওসহ বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এক দল শ্রমিক।

এ সময় শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার দিনভর অবরোধের পর বিকাল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়ে পুলিশ।

এদিন সকালে কোতোয়ালি থানার প্রধান ফটকের সামনে একদল শ্রমিক বেশ কয়েকটি বাস রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বলে জানান দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের মহারাজা বটতলী (রাজারহাট) এলাকা থেকে শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার শেখ বাদশা দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে এদিন সকাল থেকে শহরে পরিহন ধর্মঘটের ডাক দেন শ্রমিকদের একটি পক্ষ। তারা সড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে বাদশাকে গ্রেপ্তারের ব্যাপারে শ্রমিকদের দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এর মধ্যে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।

দুপুর ৩টার দিকে শহরের কালিতলা সড়কের বিভিন্ন স্থানে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাস দুটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় আটটি গাড়িও ভাঙচুর করা হয়।

দিনভর ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর বিকাল ৫টা দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, বাদশার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোনো মামলায় তার জামিন নেই। একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।