১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শ্রীমঙ্গল রেলস্টেশনে টয়লেট-বিশ্রামাগারের সমস্যা দেখে সমাধানের নির্দেশ মন্ত্রীর

পুরনো ঢাকা-সিলেট রেলপথে কী ধরনের উন্নয়ন করা যায়, তা পর্যালোচনা করা হচ্ছে বলে জানান  আরিফুল হক চৌধুরী।

বিডিনিউজ২৪

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2026, 06:43 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের টয়লেট, যাত্রী বিশ্রামাগারের সমস্যা দেখে সমাধানের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার সকালে পরিদর্শনে এসে এসব সমস্যা সমাধানে রেল কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, রেলবিভাগকে আরও আধুনিক ও জনবান্ধব করতে সরকার কাজ করছে। পুরনো ঢাকা-সিলেট রেলপথে কী ধরনের উন্নয়ন করা যায়, তা পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, “সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন এবং রেলের সেবার মান কীভাবে আরও বাড়ানো যায়, সেটি দেখতেই এসেছি।”

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন বলেন, শ্রীমঙ্গল স্টেশনে প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক ও যাত্রী আসেন। তবে স্টেশনে বসার আসন কম, বিশ্রামের জায়গাও পর্যাপ্ত নয়। যাত্রীদের সুবিধার জন্য আরও বসার ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন।

এ সময় মন্ত্রীর সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদারসহ রেল ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রীর সফরসঙ্গী মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন বলেন, সিলেট অঞ্চলের রেলসেবা উন্নয়ন ও যাত্রীসেবার মান যাচাই করতেই এ পরিদর্শন করা হয়েছে।