Published : 26 Jul 2026, 12:09 AM
বরগুনা সদরে এক প্রবাসীকে হত্যার অভিযোগে বিচারের দাবিতে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী।
শনিবার বিকাল ৫টা থেকে বরগুনা-পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের চালিতলা স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী, মেয়ে ও শ্যালককে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
বিষপানের পাঁচ দিন পর শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই প্রবাসী মারা যান বলে জানান বরগুনা সদর থানার ওসি হাসনাইন পারভেজ।
এর আগে রোববার উপজেলার কেওড়াবুনিয়া চালিতাতলা গ্রামে বিষপানের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহতের মো. আফাং শিকদার (৪৫) চালিতাতলা গ্রামের প্রয়াত খবির শিকদারের ছেলে। তিনি ১৩ বছর প্রবাসে ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, পরকীয়ার জেরে আপাং মৃধাকে জোর করে বিষপান করানোর অভিযোগ ওঠে। পরে তাকে প্রথমে বরগুনা সদর হাসপাতালে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে লাশ নিয়ে বিকালে সড়ক অবরোধ করেন স্বজন ও স্থানীয়রা। এ সময় আফাংকে বিষপানে স্ত্রী ও মেয়ে জড়িত থাকার অভিযোগে তাদের মারধর করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
খবর পেয়ে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মোহা. মাহমুদুল হোসাইন অলিউল্লাহ্ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আপাংয়ের বড় বোন বলেন, “আমার ভাইয়ের স্ত্রী, মেয়ে এবং পরকীয়া প্রেমিক মিলে তাকে বিষপান করিয়ে মেরে ফেলেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ওসি হাসনাইন পারভেজ বলেন, “ঘটনাস্থলে গিয়ে তিনজনকে এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে এসেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।”
লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।