১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে শোবার ঘরে গৃহবধূর লাশ, পুলিশের ধারণা ‘আত্মহত্যা’

পুলিশ ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 05:23 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

কুড়িগ্রামে রাজারহাটে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে এ ঘটনা ঘটে রাজারহাট থানার ওসি আব্দুল ওয়াদুদ জানিয়েছেন।

নিহত ২৫ বছর বয়সী নাসরিন বেগম ওই এলাকার নুর আলমের স্ত্রী। ঘটনার পর থেকে নুর আলম পলাতক রয়েছেন।

নাসরিনের লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা বলছে, সকালে প্রতিবেশীরা নাসরিন বেগমকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে তার শোবার ঘরে খুঁজতে যান। সেখানে ওড়না দিয়ে প্যঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখেন তারা। পরে বাড়িতে স্বামীকে দেখতে না পেয়ে তারা থানায় খবর দেন।

ওসি আব্দুল ওয়াদুদ বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

“পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে নাসরিন সোমবার রাতের কোনো এক সময় আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।