Published : 03 Sep 2026, 10:00 PM
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জবাই একটি হরিণ উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবর পেয়ে এদিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চর আতাউর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড হাতিয়া স্টেশনের একটি দল।
অভিযানে ৪০ কেজি ওজনের জবাই করা একটি হরিণ উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট সালমান বিন শওকত বলেন, হরিণটি হাতিয়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
বন্যপ্রাণী সংরক্ষণ ও অবৈধ শিকার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।