১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

উখিয়ায় মার্কেটে আগুন, দোকান রক্ষা করতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

অগ্নিকাণ্ডে আনুমানিক ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি বাজার ব্যবসায়ী কমিটির।

উখিয়ায় মার্কেটে আগুন, দোকান রক্ষা করতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু
কক্সবাজারের উখিয়া স্টেশনের কৃষি ব্যাংক সংলগ্ন একরাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 09:46 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় দোকানের মালামাল রক্ষা করতে গিয়ে দগ্ধ হয়ে এক ব্যবসায়ী মারা গেছেন।

আগুনে বেশ কয়েকটি দোকান ও স্থাপনা পুড়ে গেছে। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন ব্যবসায়ী ও পথচারী।

সোমবার বিকাল ৪টার দিকে উপজেলা স্টেশনের কৃষি ব্যাংক সংলগ্ন একরাম মার্কেটে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি জিয়াউল হক।

নিহত মোহাম্মদ আলী (৫৭) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখিল গ্রামের প্রয়াত আলী মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জিয়াউল হক বলেন, আলী উখিয়া কাঁচাবাজারের প্রবেশমুখের গলিতে ম্যাট্রেসের দোকান পরিচালনা করতেন। দোকান রক্ষার চেষ্টা করতে গিয়ে তিনি দগ্ধ হয়ে মারা যান।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, বিকালে হঠাৎ একরাম মার্কেটে আগুন ধরে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত দুটি ইউনিট এবং কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। 

স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয় বলে জানান ডলার ত্রিপুরা।

তিনি বলেন, “আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সাজেদুল ইমরান শাওন বলেন, “দগ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ছাড়া আরও কয়েকজন ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”

উখিয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নুরুজ্জামান বাক্কা বলেন, “আগুনে ১৬টি দোকান ছাই হয়ে গেছে। আরও ৯টি দোকান ও স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”