১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঘুমধুম সীমান্তে ২ লাখ ইয়াবা জব্দ, আটক এক রোহিঙ্গা

“বস্তা কাঁধে ৩-৪ জন ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন।”

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 02:46 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটকের খবর জানিয়েছে বিজিবি।

উপজেলার ঘুমধুম কাস্টমস মোড় এলাকায় শনিবার রাত সোয়া ৯টায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ আনোয়ার হোসেন জানান।

আটক ৩৮ বছর বয়সী জিয়াবুল আলম উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. জমির হোসেনের ছেলে।

মেজর আনোয়ার বলেন, “ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় বিজিবি। পরে বিজিবির একটি দল ঘুমধুম কাস্টমস মোড় এলাকায় অভিযান চালায়।

“এক পর্যায়ে সীমান্তের দিক থেকে একটি ছোট বস্তা কাঁধে সন্দেহজনক ৩-৪ জন ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন। এ সময় বস্তাটি ফেলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে।”

এ সময় বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে একজনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায় বলে আনোয়ার হোসেন জানান।

তিনি বলেন, “পরে ঘটনাস্থলে তল্লাশি করে পাচারকারিদের ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করা হয়। ওই বস্তায় মেলে দুই লাখ ইয়াবা।”

আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন আনোয়ার।