১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় বাস চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বাসটিকে আটক করা যায়নি। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় রাখা আছে।

কুমিল্লায় বাস চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2025, 11:03 AM

Updated : 10 Sep 2026, 12:41 PM

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার জোর কানন এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুমিল্লার ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার।

নিহতরা হলেন, ঢাকার মোহাম্মদপুরের সরাই জাফরাবাদ এলাকার মো. সালামের ছেলে শাকিল হোসেন (২২) এবং ফেনী ছাগলনাইয়ার পূর্ব গোপাল এলাকার পেয়ার আহমেদের ছেলে শাহেদ শিমুল।

স্থানীয়দের বরাতে ওসি বাহার বলেন, রাতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লেনের জোর কানন ইউটার্নে অজ্ঞাত একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বাসটিকে আটক করা যায়নি। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় রাখা আছে।

আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।