ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
জব্দ করা পণ্যের মধ্যে ভারতীয় চকলেট, থ্রি-পিস, ওড়না, চশমা ও পাঞ্জাবি রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সীমান্ত এলাকা থেকে প্রায় এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ ছাড়া উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্যও।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় আলাদা অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে জানান বিজিবি-২৫ সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ।
বিজিবি জানায়, জব্দ করা পণ্যের মধ্যে ভারতীয় চকলেট ২,০৬০টি, থ্রি-পিস ২৭টি, ওড়না ৭৪টি, চশমা ৮,২৪৬টি ও ৩৯০টি পাঞ্জাবি রয়েছে; যার আনুমানিক মূল্য ৯২ লাখ টাকা।
বুধবার রাত ১১টার দিকে আমতলী এলাকা থেকে ১০ লাখ টাকার ২৮টি মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। একই রাতে নোয়াবাদী এলাকা থেকে জব্দ করা হয় ২৪ কেজি গাঁজা ও ২৯ বোতল মদ।
লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ বলেন, সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলা সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে তৎপর রয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাচালান পণ্য জব্দ করা হয়।
