১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

‘মাদকের আড্ডা-বেশ্যাখানা’ ডাকসু বদলে দিয়েছে ছাত্রশিবির: জামায়াত নেতা

জামায়াত নেতার এ বক্তব্যকে ‘মানহানিকর ও মিথ্যাচার’ হিসেবে মন্তব্য করে বিক্ষোভের ডাক দিয়েছেন ডাকসুর দুই সদস্য।

‘মাদকের আড্ডা-বেশ্যাখানা’ ডাকসু বদলে দিয়েছে ছাত্রশিবির: জামায়াত নেতা
বরগুনার পাথরঘাটায় নির্বাচনি জনসভায় বক্তৃতা দিচ্ছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শামীম আহসান।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2026, 06:26 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মাদকের ‘আড্ডাখানা এবং বেশ্যাখানা’ ছিল বলে দাবি করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শামীম আহসান।

তিনি বলেছেন, “আমরা দেখছি ডাকসু নির্বাচনের পরে যে ডাকসু মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। 

“তাই এই বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, সকল প্রকার চাঁদাবাজ, সকল প্রকার দুর্নীতি এটা উৎখাত করতে জামায়াতে ইসলামী সক্ষম।”

শনিবার রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনের জামায়াতে মনোনীত প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

নির্বাচনি জনসভায় জেলা জামায়াতের এই নেতা আরও বলেন, “বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর যে পরিবর্তন দেখেছেন, যে ছাত্ররা-ছাত্রীরা তারা ছাত্রশিবিরের পক্ষে ভোট দিয়েছেন- তাদের বাবা-মায়েরা তো এ রকম গ্রামেরই নাকি? 

“তাহলে তাদের বাবা-মারা যদি এই গ্রামের হয়ে থাকে, তারা ডাকসুতে যদি জামায়াত ইসলামীর ছাত্রশিবির ক্ষমতায় যেতে পারে, তাহলে আগামী দিনেও জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে পারে ইনশাআল্লাহ।"

শামীম আহসান আরও বলেন, "আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টির জন্য। পরকালের নাজাতের জন্য। তাই আপনাদের সেই ঈমানের বলে বলিয়ান হয়ে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে আগামী দিনে ভোটকেন্দ্রে কোনো রকম হই-হাঙ্গামা করতে না পারে- এজন্য আপনাদের কে সিসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ।"

পরে বির্তকিত মন্তব্যের বিষয় জানতে চাইলে মো.শামীম আহসান বলেন, “আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যা ছিলো। ইসলামী ছাত্রশিবির তার সমাধান করেছেন।” 

ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ্যাখানা ছিলো এমন বক্তব্য দিয়েছেন কিনা প্রশ্ন করা হলে তিনি মোটরসাইকেলে আছেন বলে সংযোগটি কেটে দেন।

এদিকে জামায়াত নেতার এই বক্তব্যকে ‘মানহানিকর ও মিথ্যাচার’ হিসেবে উল্লেখ করে প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছেন ডাকসুর দুই সদস্য।

ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী ও কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা আহ্বান জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নারী শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে জামায়াত নেতার মানহানিকর বক্তব্য ও মিথ্যাচারের প্রতিবাদে রোববার সন্ধ্যা ৭টায় বিশ্বদ্যিালয়ের রাজু ভাস্কর্য এলাকায় কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করা হবে।