০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শেরপুরে ক্যাশ মেমো ছাড়া সার বিক্রি, ২ ডিলারকে জরিমানা

রোকসানা এন্টারপ্রাইজকে ১০ হাজার এবং ভাই ভাই এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 11:56 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ক্যাশ মেমো ছাড়া সার বিক্রির দায়ে দুই ডিলারকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে শ্রীবরদী পৌর এলাকার সাতানী এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব উল আহসান।

কৃষি বিভাগ জানায়, ক্যাশ মেমো ছাড়া সার বিক্রির সুনির্দিষ্ট অভিযোগে বিএডিসির সার ডিলার মেসার্স রোকসানা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং বিসিআইসি সার ডিলার ভাই ভাই এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ বলেন, “উপজেলায় পর্যাপ্ত সার মজুত রয়েছে। কৃষকরা নির্ধারিত দামে সার কিনতে পারবেন। কোনো ডিলার বেশি দাম নিলে বা অনিয়ম করলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানের সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী উপস্থিত ছিলেন।