Published : 23 Dec 2025, 04:44 PM
প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জে কর্মরত সংবাদকর্মীরা।
তারা বলেন, স্বাধীনতার পর দেশের কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে এমন ন্যাক্কারজনক হামলার ঘটনা নজিরবিহীন। এই হামলা শুধু দুটি পত্রিকার ওপর নয়, বরং গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের ওপর সরাসরি আঘাত।
মঙ্গলবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তারা এসব কথা বলেন তারা।
নারায়ণগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ।
সাংবাদিকরা হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক পলাশ ও ডেইলি স্টারের নিজস্ব সংবাদদাতা সৌরভ সিয়ামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি খবরের পাতা সম্পাদক মাহবুবুর রহমান, দৈনিক সংবাদের প্রধান প্রতিবেদক সালাম জুবায়ের, বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব মীর আব্দুল আলীম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহসভাপতি বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও শরীফ উদ্দিন সবুজ, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক, কবি ও সাংবাদিক কাজল কানন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পদক নিয়াজ মোহাম্মদ মাসুম, বন্দর প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতি শিপলু, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, অনলাইন পোর্টাল নারায়ণগঞ্জ নিউজ আপডেটের সম্পাদক তাহের হোসেন, সাংবাদিক এসএম জহিরুল ইসলাম ও মাহবুব মনি।
বক্তারা বলেন, পত্রিকার অফিসে হামলা মানে পুরো বাংলাদেশের উপর হামলা। এটি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। প্রথম আলো ও ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়ার ঘটনা প্রমাণ করে করে সংবাদিকরা কতটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। গত ৫৪ বছরে আমরা এমন ঘটনা ঘটেনি। যারা হামলা চালিয়েছে, তারা কোনো রাজনৈতিক শক্তি নয়, তারা দুর্বৃত্ত ও অপরাধী। গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।
শুধু হামলাকারী নয়, এর নেপথ্যে যারা ইন্ধন জুগিয়েছে, তাদেরও চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ বলেন, “দেশের শীর্ষ স্থানীয় দুটি পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা মানে মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা। হামলাকারীরা মত প্রকাশের স্বাধীনতায়তো বিশ্বাস করেই না বরং তারা মত প্রকাশকে দমিয়ে দিতে চায়।”
তিনি বলেন, “হামলাকারীরা এই জাতি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু। তারা বাংলাদেশের বিজয় চায় না বলেই দেশের সেরা প্রতিষ্ঠানগুলোতে হামলা করেছে। এদেশে হামলা করে সাংবাদিকতাকে দাবিয়ে রাখা যাবে না। পাকিস্তানিরাও পারেনি।”
দ্রুত হামলাকারীদের শনাক্ত করে তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
এ সময় প্রথম আলোর সংবাদদাতা গোলাম রাব্বানী, আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক লুৎফর রহমান, জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমানসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।