১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দৌলতদিয়ায় ডুবোচরে ধাক্কা খেয়ে তিন যাত্রী ছিটকে নদীতে, লঞ্চে ভাঙচুর

“লঞ্চ‌টি দুর্ঘটনার পর পাড়ে ভিড়‌লে যা‌ত্রীরা উ‌ত্তে‌জিত হ‌য়ে লঞ্চ চাল‌কের ওপ‌রে চড়াও হয়।”

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2025, 02:40 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটমুখী একটি যাত্রীবোঝাই লঞ্চ নদীর ডুবোচরে ধাক্কা খাওয়ার পর তিন যাত্রী ছিটকে নদীতে পড়ে যান।

প‌রে স্থানীয় লোকজন ও ফায়ার সা‌র্ভিস তা‌দের উদ্ধার ক‌রে পা‌ড়ে নি‌য়ে যায়। এ সময় বিক্ষুব্ধ যাত্রীরা লঞ্চের সামনের কাঁচ ভাঙচুর ও মাস্টার পলাশ মিয়াকে মারধর করেন।

শুক্রবার সকা‌লে পদ্মা নদীর দৌলত‌দিয়া ৬ নম্বর ফে‌রি ঘা‌টের অদূ‌রে ‘এমভি ব্ল্যাকবার্ড’ লঞ্চে এ ঘটনা ঘ‌টে ব‌লে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা জানান।  

নদীতে ছিটকে পড়া যাত্রীরা হলেন- য‌শোর পাটবা‌ড়িয়া গ্রা‌মের ন‌বিজউ‌দ্দিন মোল্লার ছে‌লে আশরাফুল আলম (৪০), রাজবাড়ীর পাংশা উপ‌জেলার মাজপাড়া গ্রা‌মের ইসমাইল মণ্ডলের ছে‌লে না‌জিম উ‌দ্দিন (৪০) ও ফ‌রিদপু‌র জেলার নগরকান্দা উপ‌জেলার সা‌জেদুল ইসলাম।

ল‌ঞ্চে‌র যাত্রী‌দের বরা‌তে ওসি ত্রিনাথ বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যাত্রী বোঝাই করে রাজবাড়ীর দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে এমভি ব্ল্যাকবার্ড। পথে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় ডুবোচরের সঙ্গে ধাক্কা খায় লঞ্চটি। সেসময় তিন যাত্রী লঞ্চ থে‌কে ছিটকে নদীতে পড়ে যায়। তাৎক্ষ‌ণিকভাবে স্থানীয়রা ও ফায়ার সা‌র্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে পা‌ড়ে নি‌য়ে আ‌সে।

“লঞ্চ‌টি দুর্ঘটনার পর পাড়ে ভিড়‌লে যা‌ত্রীরা উ‌ত্তে‌জিত হ‌য়ে লঞ্চ চাল‌কের ওপ‌রে চড়াও হয়। তারা ল‌ঞ্চে‌র গ্লাস ভেঙে ফে‌লে। প‌রে নৌ পু‌লিশ প‌রি‌স্থি‌তি শান্ত ক‌রে।”

এ ঘটনায় কোনো যা‌ত্রী নি‌খোঁজ নেই। উদ্ধার করা তিনজনকে গোয়ালন্দ উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান ত্রিনাথ।